ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭

শিরোনাম

প্রবারণা পূর্ণিমা আজ

প্রবারণা পূর্ণিমা আজ

ফাইল ছবি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বুধবার। ত্রৈমাসিক বর্ষাব্রত পালন শেষে প্রবারণা পূর্ণিমা নিয়ে আসে শারদীয় আমেজ। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ ‘বুদ্ধত্ব’ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবর দানোৎসব।

আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। করোনা অতিমারির কারণে গত বছর অনাড়ম্বরভাবে উৎসবটি উদযাপন করা হয়। এ বছর করোনার সংক্রমণ অনেকটাই কমতির দিকে থাকায় আয়োজনের পরিধি বেড়েছে।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংসদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস উড্ডয়ন ও বুদ্ধ-কীর্তন। সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করে।

এমএস