ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দৈনিক আমার দেশ পত্রিকার মুদ্রাকর, প্রকাশক ও সম্পাদক হলেন ড. মাহমুদুর রহমান। এত দিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। 

এর আগে পত্রিকাটির প্রকাশক ছিলেন হাসমত আলী। তিনি সম্মতি দিলেও প্রকাশক পাল্টানোর আবেদন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রহণ করা হয়নি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান।

 প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা ২০০৪ সালে। পত্রিকাটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফালু কারাগারে গেলে এক পর্যায়ে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়। দায়িত্ব নেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান।