গ্লোবাল টিভি ছবি
আবু রায়হান সরকার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের রক্তের বিনিময়ে দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই যে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদ আবু সাঈদসহ শহীদদের রক্তের বিনিময়ে। এই শহীদের রক্ত, আবু সাঈদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না।
তিনি বলেন, আবু সাঈদ বুক পেতে দিয়েছে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা আমাদেরকে ধরে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে, কোনো দুষ্কৃতকারী, কোনো দুর্বৃত্তায়নের জন্য যেন এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ না হয়।
শনিবার চৌমুহনী পাবলিক হল অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সমন্বয়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারী কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, হাফিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক মেহেদি হাসান সীমান্ত।