ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রহায়ণ ১৪৩২ | ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সবাইকে পেছনে ফেলে আবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’।

সংস্থাটি জানিয়েছে, রবিবার সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল ৩৭৪। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার একিউআই রেকর্ড করা হয় ২১৬। আর তৃতীয়স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরটির রোববার সকালের বায়ু মানের স্কোর ছিল ২১৫। এ দুটি শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে আইকিউএয়ার।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

রবিবার সকালে রাজধানী ঢাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার ঘনত্ব এতই বেশি ছিল যে, রাস্তায় গাড়ি ও বাস নিয়ে বের হওয়া চালকদের চলাচল করতে হিমশিম খেতে হচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে থাকে।