ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | ১০ মাঘ ১৪৩২ | ৩ শা‘বান ১৪৪৭

শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি কোষাধ্যক্ষকে অব্যাহতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি কোষাধ্যক্ষকে অব্যাহতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য (প্রোভিসি) ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের তিনজনকেই নিজ বিশ্ববিদ্যালয়ের মূল পদে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই তিনজনকে অব্যাহতি দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

রাতেই আলাদা এক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মোহাম্মদ তৌফিক আলম, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জানা যায়, গত ৪ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভিসির অপসারণ ও পাতানো সিন্ডিকেট সভা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ তাঁর বাসভবনের ফটক ভাঙচুর করে বিক্ষোভ করেন।