ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সময়সাপেক্ষ, এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো। দেখা যাক, কী হয়। এ ধরনের ঘটনায় ঝট করে এক দিনে, সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কী প্রতিক্রিয়া পাওয়া যায়। তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চার দিনের রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।এ সফরে তিনি রংপুর ও নীলফামারীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন- এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে টেকনিক্যাল সমস্যা রয়েছে। সে ক্ষেত্রে এক-আধদিন দেরি হতে পারে।

আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মিরা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয় না। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দেখা হচ্ছে। সবকিছু প্রকাশ করা যায় না, তবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে বা কম ঘটে- সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।