কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়।
কিন্তু শুক্রবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে। বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।