ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

ডিসেম্বরে ১ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

ডিসেম্বরে ১ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

চলতি মাসের মধ্যে এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর বা ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ভ্যাট পেমেন্ট যারা করে, যাদের হাত দিয়ে ভ্যাট পেমেন্ট হয়—বিশেষ করে ব্যবসায়ীগণ; তাদের যে ভ্যাট নেট, এই ভ্যাট নেটটা যথেষ্ট ছোট। এখন অ্যারাউন্ড ৬ লক্ষ ৪৪ হাজার রেজিস্টার্ড ভ্যাট পেয়ার আছে। যেটা বাংলাদেশের ওভারঅল যে বিভিন্ন রকমের জরিপ আমাদের আছে, ব্যবসা-বাণিজ্যের যে সংখ্যা আছে—তার সাথে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিবছরের মতো চলতি বছরও এনবিআর ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করবে। ভ্যাট নিবন্ধনকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। বুধবার থেকে মাসজুড়ে দেশব্যাপী নিবন্ধন প্রচারণা চালাবে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান বলেন, এই বছরের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য এবং ফোকাসটা আমরা দিয়েছি ভ্যাট রেজিস্ট্রেশনের উপর। এবং এই মাসে আমরা যে ভ্যাট সপ্তাহ পালন করব এবং ডিসেম্বরের পুরো মাসব্যাপী ড্রাইভ চলবে এবং আমরা চেষ্টা করব…আমরা নতুন করে ১ লক্ষ রেজিস্ট্রেশন বিভিন্ন ভ্যালু অ্যাডেড কমিশনারেটগুলো থেকে আমরা এটা করতে পারব। এটা আমাদের টার্গেট। বাট এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে।

জরিপ অনুযায়ী কত সংখ্যক প্রতিষ্ঠান এখনও ভ্যাটের আওতার বাইরে, এমন প্রশ্নের জবাব দিতে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে আমার কাছে ডেটা নাই। সুতরাং সেইভাবে বলতে পারব না। বাট সংখ্যা ব্যাপক। এবং আনরেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা বা বিজনেস পেয়ারের সংখ্যা এনোরমস। এখানে প্রচুর কাজ করার সুযোগ আছে। আগামী এক থেকে দুই বছরে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার আশার কথাও শোনান তিনি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে অনলাইনে সহজে ভ্যাট রিটার্ন ব্যবস্থা চালুর ‘স্বপ্ন’ দেখছেন। সেখানে ‘এক ক্লিকে’ রিটার্ন দেওয়া যাবে। যেইভাবে ভ্যাট রেজিস্ট্রেশনটা বাড়ছে, এটা আরো ব্যাপকভাবে বাড়া উচিত। সংখ্যা অনেক। এটা আপনি হয়তো বলতে পারেন যে, এটা হয়তো টোটাল যারা রেজিস্ট্রেশন হওয়ার কথা তার সিংহভাগ আসলে রেজিস্ট্রেশনে নাই। এই জায়গাটা একটা বড় জায়গা। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে এক সময় না এক সময়— আমাদের এই ডিসিপ্লিনটা আমরা আনতে পারব।