সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তাদের ‘নীতিগতভাবে সংস্কারবিরোধী’ আখ্যা দিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
মঙ্গলবার রাজধানীর মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, বিএনপি ও জামায়াত ভোটের রাজনীতিতে নিজেদের সংস্কারপন্থী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারা ক্ষমতা ও স্বার্থের রাজনীতিতে লিপ্ত।
তিনি অভিযোগ করেন, বিএনপি ২০০১ সালের নির্বাচনী ইশতেহারে ৩২ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে বিচার বিভাগের পৃথকীকরণ বা সম্পদ প্রকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করেনি।
অন্যদিকে জামায়াতে ইসলামী আগে সংস্কার ইস্যুতে নিষ্ক্রিয় থাকলেও এখন নিজেদের সবচেয়ে বড় সংস্কারপন্থী দল হিসেবে দাবি করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বর্তমান সরকারকেও গণভোট ও গণপরিষদ গঠনে ব্যর্থতার জন্য সমালোচনা করে জেডিপি জানায়, জ্বালানি সংকট ও কৃষি খাতের বিপর্যয় থেকে জনগণের দৃষ্টি সরাতেই দেশে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ সতর্ক করেন যে, দেশে মাত্র ১৫ দিনের জ্বালানি মজুত রয়েছে এবং ডিজেল সংকটের কারণে বোরো মৌসুমে সেচ বিঘ্নিত হলে চরম খাদ্যঘাটতি দেখা দিতে পারে। এছাড়া বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদের বিরোধিতাও করে দলটি।
এই পরিস্থিতিতে কৃষকদের ন্যায্যমূল্যে ডিজেল ও সার সরবরাহের দাবিতে আগামী ১০ এপ্রিল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জেডিপি। এসএফ