‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’ দাবিটি সঠিক নয়
শিক্ষা মন্ত্রণালয়
রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ‘১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি’ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ সঠিক নয় বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ওই শিক্ষার্থী পরীক্ষার জন্য কোনো ফরমই পূরণ করেননি এবং ফরম পূরণ বাবদ প্রতিষ্ঠানে কোনো অর্থও জমা দেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীর মা লিখিতভাবে গণমাধ্যমে প্রকাশিত তাদের বক্তব্যকে অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।
গত শুক্রবার (৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল সংশ্লিষ্ট শিক্ষার্থী ফরম পূরণের টাকা কলেজের এক শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। ওই শিক্ষিকা তাকে সময়মতো এডমিট কার্ড দেওয়ার আশ্বাস দিলেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি কোনো এডমিট কার্ড পাননি, যার ফলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি অনুসন্ধান করে জানিয়েছে, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলেও, তিনি বিধি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ফরম পূরণই করেননি। এ ছাড়া ফরম পূরণ বাবদ কোনো প্রকার অর্থও তিনি সংশ্লিষ্ট সংস্থায় বা প্রতিষ্ঠানে জমা দেননি।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, উদ্ভূত পরিস্থিতির পর ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। সেই লিখিতপত্রে তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, গণমাধ্যমে তাদের পক্ষ থেকে প্রকাশিত বক্তব্যটি অসত্য ছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
Live | সন্ধ্যার সংবাদ | Sondhar Songbad | News Bulletin | Today News | Global TV News
এসএফ