আমেরিকার জাতীয় সম্প্রচারে প্রথম বাংলাদেশি সিনেমা ‘রইদ’
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও নতুন স্বীকৃতি পেল মেজবাউর রহমান সুমনের নির্মিত সিনেমা ‘রইদ’। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এটি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও জাতীয় সম্প্রচারমাধ্যম এনপিআর (ন্যাশনাল পাবলিক রেডিও)-এর রিভিউয়ের বা পর্যালোচনার জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকাজুড়ে এনপিআর-এর এক হাজারেরও বেশি স্টেশনে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও পর্যালোচনার এক অনন্য সুযোগ তৈরি হলো।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘রইদ’-এর পরিবেশনার দায়িত্বে রয়েছে রাজ হামিদের প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ ফিল্মস’। প্রতিষ্ঠানটি তাদের ৫৫তম আন্তর্জাতিক পরিবেশনা হিসেবে সিনেমাটি উত্তর আমেরিকার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে। মূলত বায়োস্কোপ ফিল্মসের মাধ্যমেই এনপিআর-এর রিভিউয়ের জন্য সিনেমাটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে অস্কার, বাফটাসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় একটি সিনেমার আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ও নামকরা সমালোচকদের আলোচনায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই বিবেচনায় এনপিআর-এর মতো একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের রিভিউ তালিকায় ‘রইদ’-এর অন্তর্ভুক্তি বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য ও বড় অর্জন।
উল্লেখ্য, এনপিআর হলো যুক্তরাষ্ট্রের জাতীয় পাবলিক রেডিও নেটওয়ার্ক, দেশজুড়ে যাদের এক হাজারের বেশি স্টেশন রয়েছে। বিশ্বখ্যাত আন্তর্জাতিক নির্মাতাদের বিভিন্ন সিনেমা নিয়ে নিয়মিত আলোচনা ও পর্যালোচনা প্রকাশ করে থাকে এই প্রতিষ্ঠানটি। সাধারণত সিনেমার গল্প, বিষয়বস্তু, নির্মাণশৈলী ও সামগ্রিক উপস্থাপনা কঠোরভাবে মূল্যায়নের পরই রিভিউয়ের জন্য কোনো সিনেমাকে তারা নির্বাচন করে থাকে।
এই গৌরবময় অর্জন প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, প্রতিবছরই আমরা একটি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই পথ মোটেও সহজ নয়, তবে অসম্ভবও নয়। ধাপে ধাপে বাংলা সিনেমাকে আমরা বিশ্বের বড় বড় প্ল্যাটফর্মে পৌঁছে দিতে চাই। ‘রইদ’ নিয়ে আমেরিকার জাতীয় সম্প্রচারমাধ্যমে এই নির্বাচন আমাদের সেই প্রচেষ্টারই একটি বড় অর্জন।
উচ্ছ্বাস প্রকাশ করে সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, সিনেমাটি নির্মাণ করেছি ভালোবাসা আর মমতা থেকে। এরপর এটি ধীরে ধীরে দর্শকের কাছে পৌঁছেছে। একজন নির্মাতা হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় সম্প্রচারমাধ্যমে একটি বাংলাদেশি সিনেমা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হবে এটি অবশ্যই অত্যন্ত আনন্দের একটি বিষয়।
মনোমুগ্ধকর গল্পের ‘রইদ’ সিনেমার প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরেণ্য অভিনেতা গাজী রাকায়েত। প্রশংসিত এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ ও ‘ফেসকার্ড’।
-এসএফ