শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

ব্রাজিলের জয়ে মেতেছে দেশের শোবিজ অঙ্গন, ‘জাপান্টিনা’ বলে খোঁচা

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 30 Jun 2026, 11:49 AM
ব্রাজিলের জয়ে মেতেছে দেশের শোবিজ অঙ্গন, ‘জাপান্টিনা’ বলে খোঁচা

ব্রাজিলের জয় মানেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উৎসব। এবারো তার ব্যতিক্রম হয়নি। মাঠে সেলেসাওদের নান্দনিক জয়ের পর সাধারণ দর্শকদের পাশাপাশি গভীর রাতের উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার করে হিল্লোল তুলেছেন তারা। 

উল্লেখ্য, সোমবার (২৯শে জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ‘রাউন্ড অব থার্টি টু’-এর ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপ অর্থাৎ শেষ ষোলোর জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

রাস্তায় নেমে উদযাপন ফারিনের, ছাদে রাজ
ব্রাজিলের এই জয়ে অভিনেত্রী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বিজয় উদযাপন করেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে ভুভুজেলার সুর তুলে আনন্দে মেতে উঠেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘Only BRBRBRBRBR... খেলা হবে BR।’ ওদিকে চিত্রনায়ক শরিফুল রাজ শেয়ার করেছেন ব্রাজিল সমর্থনের এক রাজকীয় ছবি। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে বিশাল এক ব্রাজিলের পতাকা ওড়ানোর সেই ছবিতে তাঁর গায়ে ছিল হলুদ জার্সি এবং হাতে ছিল একটি ফুটবল।

নীল জার্সিতে পলাশ-অপু, হলুদ ভালোবাসায় পারসা
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশও ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন নিজের চেনা ঢঙে। তিনি ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাসও নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে বিজয়ের চিহ্ন (ভি সাইন) দেখিয়ে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। এছাড়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানাও সেলেসাওদের হলুদ জার্সি পরে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

মৌসুমীর পর্তুগিজ ক্যাপশন, ম্যাচ শুরুর আগেই কোনাল
জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ম্যাচ চলাকালেই নিজের ওয়ালে লিখেছিলেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। Go Brazil।’ পরে দলের জয়ে তাঁর সেই পোস্টে ভক্তদের উচ্ছ্বসিত মন্তব্য করতে দেখা যায়। অন্যদিকে উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ ব্রাজিলের পতাকার রঙের সাথে মিল রেখে পোশাক পরে একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখেন, ‘Sempre Brasil!’, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় ‘সবসময়ই ব্রাজিল।’

হিমির ‘জাপান্টিনা’ খোঁচা
তবে তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পোস্টটি। ব্রাজিলের জার্সি পরে নিজের পাশে আর্জেন্টিনার জার্সি পরা অভিনেতা নিলয় আলমগীরকে দাঁড় করিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে রসিকতা করে হিমির মন্তব্য, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ একই সঙ্গে জাপানকে সমর্থন করা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশে ‘জাপান্টিনা’ বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দেন এই অভিনেত্রী।

ভিডিও প্রতিবেদন

শুভেচ্ছান্তেঃ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (অ্যাটর্নি জেনারেল) | Global TV News

এসএফ