কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০শে জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বজনদের শেষবারের মতো দেখার জন্য মরদেহগুলো গ্রহণ করার সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এর আগে, গত ২১শে জুন (রোববার) সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ মোট ছয়জন প্রাণ হারান, যার মধ্যে পাঁচজনই বাংলাদেশি এবং বাকি একজন ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পর থেকে তাদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা ছিল।
নিহত পাঁচ প্রবাসীই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন, গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং সূত্রে জানা গেছে, সব আইনি প্রক্রিয়া ও অফিশিয়াল কার্যক্রম শেষ করে গতকাল সোমবার (২৯শে জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২২৬’ নম্বর ফ্লাইটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। ফ্লাইটটি আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্পূর্ণ অর্থায়নে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজই তাদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় মির্জা ফখরুলসহ একাধিক নাম | Global TV News
এসএফ