সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি
সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করেছে সরকার। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি-ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে রাজনৈতিক বা ব্যক্তিগত ছবির চেয়ে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। সেখানে প্রয়োজনীয় এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও বিষয়বস্তু জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে এবং এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।