শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 05 Jul 2026, 02:57 PM
 সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আজ রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে, দেশের সার্বভৌমত্ব ও দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সকল আত্মত্যাগী সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


পিজিআরের ইতিহাস ও বিকাশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পিজিআরের বিকাশ ও নতুন রূপ লাভ করে। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাহিনীটির সম্প্রসারণ এবং সামগ্রিক উৎকর্ষ সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও বাণীতে বিশেষভাবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি আরো স্মরণ করিয়ে দেন যে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। বর্বরোচিত ওই ঘটনার সময় দায়িত্ব পালনরত অবস্থায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাঁচজন বীর সদস্যও শহিদ হয়েছিলেন। তিনি তাঁদেরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল প্রয়াত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 


বাণীর শেষাংশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন থাকা সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভিডিও প্রতিবেদন

হল ফি না কমালে অধ্যক্ষের রুমে তালা দেওয়ার হুঁশিয়ারি #TitumirCollege #UpdateNews