আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যেখানে নির্ধারিত সময়ের পরে আসায় তাঁর আবেদনটি গ্রহণ করেনি কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু নুসরাত তাবাসসুম তাঁর আবেদনপত্রটি জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী কমিশন তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে।
অন্যদিকে এনসিপির আরেক নেত্রী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা আইনি জটিলতায় স্থগিত রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পার না হলে কেউ সংসদ সদস্য পদের জন্য যোগ্য হন না। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে গত ডিসেম্বরে পদত্যাগ করেন, যা প্রয়োজনীয় সময়ের চেয়ে অনেক কম।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অযোগ্যতা নিরসন না হলে তাঁর প্রার্থিতাও বাতিলের ঝুঁকিতে থাকবে।
এসএফ