শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

কচুয়ায় সিঁধ কেটে চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে খুন

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 29 Jun 2026, 04:08 PM
কচুয়ায় সিঁধ কেটে চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে খুন

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধার নাম ফাতেমা বেগম (৭৫)। তিনি ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর চারটার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে ফাতেমা বেগমের বসতঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা মালামাল লুট করার সময় বৃদ্ধা বিষয়টি টের পেয়ে যান এবং চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই অপরাধীরা ওই বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার আগে এই হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ভিডিও প্রতিবেদন

হল ফি না কমালে অধ্যক্ষের রুমে তালা দেওয়ার হুঁশিয়ারি #TitumirCollege #UpdateNews