মেহেরপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির কড়া নজরদারি
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশইন) তৎপরতা যেন থামছেই না। এবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত দিয়ে আবারো একদল মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আজ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক এবং সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফের এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
স্থানীয় একাধিক কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুশইন চেষ্টার শিকার হওয়া ওই দলে আনুমানিক ১০ জন নারী-পুরুষ ছিলেন। সকালের দিকে তারা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে একটি পাটখেতের ভেতর অবস্থান করছিলেন। ভোররাতে বিএসএফ তাদের জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা একজোট হয়ে সীমান্তে কঠোর অবস্থান ও তৎপরতা দেখালে ওই ব্যক্তিরা বাধ্য হয়ে পুনরায় ভারতের দিকেই ফেরত যান।
সীমান্তবর্তী নাজিরাকোনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল মিয়া নামের এক কৃষক জানান, ভোরের দিকে তিনি মাঠে কাজ করতে যান। এ সময় পাটখেতের ভেতর দিয়ে একদল অজ্ঞাত নারী-পুরুষকে বাংলাদেশের দিকে আসতে দেখেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন কৃষক বিজিবিকে খবর দেওয়ার জন্য রওনা হলে, অনুপ্রবেশ করতে চাওয়া ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে যান এবং দ্রুত ভারতের সীমানার দিকে পিছু হটেন। এই ঘটনার পর থেকে সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত অতিক্রম করে কিছু মানুষের অবৈধ প্রবেশের খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিক তৎপরতা বাড়ায়। বিজিবির কড়া অবস্থান দেখে তারা পুনরায় ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে চলে যায়। মাঠের কৃষকেরা ১০ জনের মতো থাকার কথা বললেও, প্রকৃতপক্ষে কতজনকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৬শে জুন) মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত এলাকা দিয়েও তিন নারী-পুরুষকে একইভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তবে সেবারও বিজিবির জোরদার ও সতর্ক টহলের কারণে সেই পুশইনের চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয় এবং তারা ভারতে ফেরত যেতে বাধ্য হয়।
মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার | Global TV News
এসএফ