আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জ্বালানি সংকট আরো তীব্র হয়ে দেশ 'শূন্য পরিস্থিতির' দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। একইসঙ্গে এই শঙ্কার কারণে অনেক বিদেশি ক্রয়াদেশ স্থগিত হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, জুলাই-আগস্টে আসার কথা থাকা ক্রয়াদেশগুলোও এখন থমকে গেছে। চলমান জ্বালানি সংকটের কারণে বহু অর্ডার ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছে, যা দেশের ব্যবসায়িক খাতকে বড় ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।
আলোচনায় ব্যবসায়ীরা টার্নওভার ট্যাক্স বাতিল এবং রফতানি আয়ের ওপর উৎসে কর কমানোর দাবি জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যাংক আমানতের মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং সারচার্জ ধাপে ধাপে বাতিলের প্রস্তাব দেয়। পাশাপাশি করের বোঝা না বাড়িয়ে ব্যবসাবান্ধব কর কাঠামো গড়ে তোলারও আহ্বান জানায় সংগঠনটি।
তবে উৎসে কর কমানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্ন শতভাগ অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।
এসএফ