ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

গুণী মানুষের স্বীকৃতি দেরিতে হলেও আসে, আড়াল করে রাখা যায় না: রিজভী

গুণী মানুষের স্বীকৃতি দেরিতে হলেও আসে, আড়াল করে রাখা যায় না: রিজভী

সত্যকে কখনো আড়াল করে রাখা যায় না এবং প্রকৃত গুণী মানুষদের প্রতিভা দেরিতে হলেও একসময় নিজস্ব মহিমায় উদ্ভাসিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্প দলের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের চলমান সংকট নিয়ে রিজভী বলেন, দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে। রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকট মোকাবিলা করতে সরকারকে আরো তৎপর হতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে। গরম মোকাবিলা করার জন্য সারাদেশে যে তাপ প্রবাহ চলছে সেটা মোকাবিলা করার জন্য, বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বললে চলবে না। সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীগুলোকে তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। নানা কারণে এটা হয়েছে, যুদ্ধের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

রিজভী আক্ষেপ করে বলেন, অধ্যাপক ড. আব্দুস সাত্তারের মতো খ্যাতিমান চারুশিল্পী ও শিক্ষক দেশে থাকলেও প্রচারমাধ্যমের একাংশের পক্ষপাতের কারণে এমন অনেক গুণী মানুষ আড়ালে থেকে যান। অনেক ক্ষেত্রে মেধা বা অবদানের চেয়ে রাজনৈতিক পরিচয় কিংবা বিশেষ আনুগত্যকে মূল্যায়নের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। তবে প্রচারের সীমাবদ্ধতা দিয়ে যে প্রতিভাকে দমিয়ে রাখা যায় না, তার উদাহরণ হিসেবে তিনি প্রখ্যাত শিল্পী এস এম সুলতান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রামের কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ড. আব্দুস সাত্তারকে জাতীয় পুরস্কার এবং ড. সুকুমার বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার মাধ্যমে সরকার দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও যেসব বুদ্ধিজীবী ও গুণী মানুষ দেশ ও দশের পক্ষে নৈতিক সাহস জুগিয়েছেন, তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শিল্প-সাহিত্য ও জ্ঞানচর্চার ক্ষেত্রে প্রকৃত মেধাবীদের স্বীকৃতি একসময় না একসময় আসবেই এমনটাই মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার এবং অধ্যাপক সুকোমল বড়ুয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মূলত গুণীজনদের যথাযথ সম্মান প্রদান এবং মেধার সঠিক মূল্যায়নের ওপরই গুরুত্বারোপ করেন বক্তারা।