ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

যুদ্ধবিধ্বস্ত ইরানের আহত সাধারণ মানুষের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের চিকিৎসা খাতে সহায়তার লক্ষ্যে গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুদানের অর্থেই এই জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে পৌঁছানো হবে।

সহায়তা হস্তান্তরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সবসময় বিশ্বশান্তির পক্ষে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই সংকটকালে বাংলাদেশের মানুষের এই সহমর্মিতা ও সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতাকেই প্রমাণ করে। এই সহায়তা ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও উল্লেখ করেন তিনি।