ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাস ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে: সেতুমন্ত্রী

বাস ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে: সেতুমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-ট্রাকসহ গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজকের সভায় ভাড়া চূড়ান্ত হয়নি, বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সম্প্রতি ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ায় আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবহন খাতের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত ও যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে রোববার (১৮ এপ্রিল) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে ভাড়া সংক্রান্ত একটি খসড়া তৈরি হয়। বিআরটিএ চেয়ারম্যান জানান, শিগগিরই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

এসএফ