শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

রিপোর্টার / লেখক: আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: 05 Jul 2026, 04:00 PM
দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

 ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে দীর্ঘ দিন পর জনসম্মুখে দেখা গেছে। রোববার (৫ জুলাই) সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তিনি অংশ নিয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

যুদ্ধের প্রথমদিকের একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হন। তাঁর মৃত্যুর পর জেনারেল আহমদ ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। এই দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। আজ দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) প্রকাশিত একটি ভিডিওতে জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার পাশাপাশি আজ তাঁর পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনির সাথে তাঁরাও নিহত হন। নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানিও ছিল।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজার সময় শিশু জাহরার ছোট কফিনটি তার নানা আয়াতুল্লাহ খামেনির কফিনের পাশে রাখা হয়েছে। একই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও নিহত হন। তাসনিম নিউজ জানায়, জানাজার নামাজে জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়েগানি উপস্থিত ছিলেন।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের এই যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি এই জানাজার নামাজে ইমামতি করেন। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, জানাজার নামাজ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়।

ভিডিও প্রতিবেদন

সরাসরি: ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা