শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 29 Jun 2026, 03:37 PM
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার


পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (২৮শে জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদের যৌথ অনুমোদনক্রমে বেল্লাল হোসেনকে বহিষ্কারের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে গত শনিবার (২৭শে জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় নৃশংস হামলার শিকার হন ‘আজকের পত্রিকা’-এর কলাপাড়া প্রতিনিধি এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন।

ভুক্তভোগী সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের সরাসরি নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী তাকে সদর রোডের একটি মোবাইল ফোনের দোকান থেকে ডেকে বাইরে এনে অতর্কিত মারধর শুরু করেন। সে সময় প্রাণ বাঁচাতে তিনি পুনরায় ওই দোকানের ভেতরে আশ্রয় নিলেও, হামলাকারীরা তাকে সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে দ্বিতীয় দফায় নির্মমভাবে পেটায়।

এই বর্বরোচিত হামলায় সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সাংবাদিকের ওপর এই ন্যক্কারজনক হামলার ঘটনার পর কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন পৃথক পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সাংবাদিক সংগঠনগুলো অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতাসহ বাকিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে।

ভিডিও প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী | Global TV News

এসএফ