ঘড়ির কাঁটায় রাত তখন ৩টা ৩০ মিনিট। চারদিকে যখন নিস্তব্ধতা, তখনও কর্মমুখর রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়। সেখানে দলীয় গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় গুলশানের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। মনোনয়ন বোর্ডে প্রধানমন্ত্রী ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর প্রার্থীরা সাক্ষাৎকার দেন। রাত ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে নিশ্চিত করেন যে, তখনও সাক্ষাৎকার চলমান রয়েছে। এর আগে গত শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
এসএফ