জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে।
তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে। এছাড়া শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়ার ফলে বাজারে মূল্যস্ফীতি তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কৃষি খাতে সেচ, পরিবহন ও উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও তিনি মন্তব্য করেন।
সেক্রেটারি জেনারেল বলেন, সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
এসএফ