বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল অগ্রাধিকার। শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন যে, রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না, বরং সেই আগুন নেভানোর চেষ্টা করবো।
ডা. শফিকুর রহমান দেশের বর্তমান স্বাস্থ্য খাতকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, আইসিইউ সুবিধার কথা কাগজে-কলমে বলা হলেও বাস্তবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও সরঞ্জামের চরম ঘাটতি রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের উপচে পড়া ভিড় ও জনবলের সংকটের কথা উল্লেখ করে বলেন, লুটপাট ও অবহেলার কারণে এই খাতের এমন করুণ অবস্থা তৈরি হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সংসদীয় কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি মন্ত্রীরা যখন কথা বলেন তখন কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।
এদিকে রাজধানীর আসাদগেট এলাকায় জ্বালানি তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন যে, পাম্পগুলো চাহিদার তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ তেল পাচ্ছে বলেই বাজারে সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি ধামাচাপা না দিয়ে জ্বালানি তেলের প্রকৃত অবস্থা জাতির সামনে তুলে ধরার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান এবং জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরার আশ্বাস দেন।
এসএফ