মেহেরপুরের সাহারবাটি গ্রামের বিএনপি কর্মী মুকুল হোসেনকে (৫৫) লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে।
গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক জানান, মুকুলের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মুকুল হোসেন বিএনপির কোনো প্রাতিষ্ঠানিক পদ-পদবিতে না থাকলেও এলাকায় দলের একটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আধিপত্য বিস্তার অথবা পূর্বশত্রুতার জের ধরে তাঁর ওপর এই হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এসএফ