রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনা মহামারীর সময় বাংলাদেশে গম পাচারের অভিযোগ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তাকে এই তলব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছে।
ইডি নুসরাত জাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করলেও তিনি এখনও এ নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি ইডির ডাকে সাড়া দেবেন; তবে তা কলকাতায় নয়, দিল্লির কেন্দ্রীয় সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন। অভিযোগ রয়েছে, করোনাকালে বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে গম পাচারের সময় কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় নুসরাত ওই এলাকার সংসদ সদস্য ছিলেন। তদন্তে এই পাচার চক্রের সঙ্গে একাধিক নাম জড়িয়ে আসায় নুসরাতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
নুসরাত জাহান এর আগেও একটি ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। ২০২৩ সালে সিজিও কমপ্লেক্সে তাকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে একটি সংস্থার পরিচালক থাকাকালীন ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও নুসরাত সব সময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রাক্কালে ইডির এই তৎপরতাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ তুলেছেন যে, বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে। এদিকে তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন, যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনের আগে প্রায় ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এ বিষয়ে তিনি আদালতের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এসএফ