সব বোর্ডে অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং আগামী পরীক্ষাগুলোতেও একইভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আর্কাইভ করে রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনো ধরনের অভিযোগ উঠলে সেই সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাস্তায় যানজটের কারণে কোনো পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে শিক্ষকরা তাদের পরীক্ষা দিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্র দেরিতে পাওয়ার বিষয়ে তিনি জানান, কয়েকটি জায়গায় প্রিন্টআউট সমস্যা বা বিদ্যুৎ না থাকায় ডাউনলোডে বিলম্ব হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে দ্রুতই তা সমাধান করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এসএফ