নোয়াখালীতে খুনের মামলায় অভিযুক্ত শিক্ষার্থী মাহবুব এলাহী রাজিন (১৫) কারাগারে বসেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার এই পরীক্ষা শুরু হয়।
রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি হত্যা মামলায় জড়িত থাকার কারণে সে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে বন্দি ছিল।
রাজিনের আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। আদালতের বিশেষ নির্দেশে তাকে গাজীপুর থেকে নোয়াখালী জেলা কারাগারে আনা হয়েছে। তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ছিল নোয়াখালী জিলা স্কুল। তবে নিরাপত্তা ও আইনি বাধ্যবাধকতার কারণে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আ. বারেক জানান, কেবল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই রাজিনকে এখানে আনা হয়েছে এবং তার বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের ভেতরেই সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নোয়াখালী জেলায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীও রয়েছে।
এসএফ