রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুর যাওয়ার পথে বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ একজন পথচারী বাসের সামনে চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দ্রুত ডান দিকে ঘুরিয়ে দেন। এতে বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে যায় এবং সেখানে অবস্থানরত দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর আহত যাত্রীদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বনানী থানার ওসি (অপারেশন) এ কে এম মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এসএফ