মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৪। অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেনর্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করত। হাসপাতালের গেটে বা আশপাশে অবস্থান নিয়ে তারা রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। পরে ভুল তথ্য দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য প্রলুব্ধ করত। এরপর কৌশলে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত। সেখানে নেওয়ার বিনিময়ে দালালরা কমিশন পেত বলে অভিযোগ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে রোগীরা প্রয়োজনীয় সঠিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছিলেন।
-এজেড