ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং অতীতেও তা করেনি। সরকারের মূল লক্ষ্য হলো ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ এই নীতি বাস্তবায়ন করা। তিনি স্পষ্ট করেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি এবং বিশ্বাসী-অবিশ্বাসী সকল নাগরিক যেন সমান অধিকার ভোগ করতে পারে, সেটিই সরকারের প্রধান অঙ্গীকার।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকার যে শিক্ষা বৌদ্ধ ধর্ম দেয়, তা প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি নাগরিকরা নিজ নিজ ধর্মীয় নির্দেশনা অনুসরণ করলে একটি মানবিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দল-মত ও ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে নিজের অধিকার ভোগ করতে পারে এবং শান্তিতে বসবাস করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট স্মরণ করে বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ সবার। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী বা বিশ্বাসী তা বড় ছিল না, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। তাই কেউ যেন নিজেকে সংখ্যালঘু না ভাবেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের মাধ্যমেই দেশের সকল বর্ণ, ধর্ম ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। তিনি মনে করিয়ে দেন যে, দেশের প্রতিটি নাগরিকের প্রধান পরিচয় হচ্ছে ‘আমরা বাংলাদেশি’ এবং রাষ্ট্রটি সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদের বরাতে এসব তথ্য জানা গেছে।

এসএফ