ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের বড় জয়ের পূর্বাভাস

 তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের বড় জয়ের পূর্বাভাস

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্তরি কাঝাঘাম’ (টিভিকে) বড় ধরনের চমক দেখাতে পারে বলে বিভিন্ন বুথ ফেরত জরিপে উঠে এসেছে। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর তামিলনাড়ুসহ তিনটি রাজ্যের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। অধিকাংশ পর্যবেক্ষক সংস্থার মতে, পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি জয়ের সম্ভাবনা থাকলেও তামিলনাড়ুতে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই থালাপতি বিজয়ের দল শক্তিশালী অবস্থান তৈরি করতে যাচ্ছে।

এনডিটিভির সহযোগী পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’র জরিপ অনুযায়ী, থালাপতি বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। যদি এই পূর্বাভাস সঠিক হয় এবং বিজয় সর্বনিম্ন ৯৮টি আসনেও জয় পান, তবে এটি দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করবে। বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় থাকা ডিএমকে ও তাদের মিত্রদের জন্য এই ফলাফল বড় ধরনের ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে এককভাবে অন্তত ১১৮টি আসনে জয়লাভ করতে হয়। বুথ ফেরত জরিপের তথ্য অনুযায়ী, বিজয়ের দলের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তিনি যে সেখানকার রাজনীতিতে একজন প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন, তা স্পষ্ট। প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নেমেই থালাপতির এমন অর্জন দেশটির রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর ৪ মে’র চূড়ান্ত ফলাফলের দিকে।

এসএফ