আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (২৪ মার্চ) মঙ্গলবার পুর ২টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে।
বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় সংস্থার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এই সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।
অনলাইনে ফল দেখার নিয়ম: ফল প্রকাশের পর শিক্ষার্থীরা হাইআতুল উলইয়ার নির্ধারিত ওয়েবসাইটে (https://hems.alhaiatululya.org/exam-result) প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট মাদরাসার ফলও অনলাইনে পাওয়া যাবে।
মাদরাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে পুরো মাদরাসার ফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সকল মাদরাসার ফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর ২৫৯টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৫ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৮ হাজার ৬১৩ জন ছাত্রী।