মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ডিউক এক্সপ্রেসওয়ের আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কে তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের মধ্যে এই চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি জানান, একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার মাঝ লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি লরি দুর্ঘটনাকবলিতদের সহায়তার জন্য সেখানে থামলে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সবকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৫২ বছর বয়সী স্থানীয় মালয়েশীয় লরি চালক এবং অন্যজন ৫৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনার সময় তারা নিজেদের গাড়ির বাইরে ছিলেন এবং লরিগুলোর মাঝে চাপা পড়ে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভএ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন, যাদের বয়স যথাক্রমে ৩৫, ৩৮ ও ৪৩ বছর। তাদের উদ্ধার করে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শেষ লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই প্রাণঘাতী সংঘর্ষের সূত্রপাত হয়। মালয়েশীয় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ এই দুর্ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শীর কাছে তথ্য থাকলে স্থানীয় ট্রাফিক পুলিশ স্টেশন বা নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছে।