ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহে স্বস্তি ফিরছে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহে স্বস্তি ফিরছে

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে স্বস্তি ফিরছে। প্রবাসীরা মনে করছেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন উদ্যোগ ও সেবার মানোন্নয়নের ফলে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

এর আগে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রবাসীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। পাসপোর্ট হাতে পাওয়ার পর সেটি সক্রিয় করতে থার্ড পার্টি প্রতিষ্ঠান ইএসকেএল (এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি) অফিসে যেতে হতো। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়েও পাসপোর্ট পাওয়া যেত না, ফলে দূরদূরান্ত থেকে আসা প্রবাসীদের সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হতো। এসব সমস্যার সমাধানে হাইকমিশন কর্তৃপক্ষ নতুন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন উদ্যোগের মধ্যে রয়েছে— নির্দিষ্ট সময়ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু, কুয়ালালামপুরের জালান আম্পাংয়ে অবস্থিত বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে পাসপোর্ট সক্রিয় অবস্থায় সরাসরি প্রদান, পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া দ্রুততর করা এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থার উন্নয়ন। এর ফলে এখন আর প্রবাসীদের পাসপোর্ট সক্রিয় করতে ইএসকেএল অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি তুলনামূলক কম সময়ে সহজেই পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হবে।

সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের অবশ্যই নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পর নির্দিষ্ট তারিখে সময়মতো উপস্থিত হয়ে কোনো বিলম্ব ছাড়াই পাসপোর্ট সংগ্রহ করা যাবে। এই প্রক্রিয়ায় পাসপোর্ট সংগ্রহের পর সেটি সক্রিয় করার জন্য আর আলাদাভাবে ইএসকেএল অফিসে যেতে হবে না। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না।

এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীদের অনেকেই। তাদের মত, এ ধরনের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকলে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে এবং ভোগান্তি পুরোপুরি দূর হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে হাইকমিশনের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

—এজেড