ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

হরমুজ প্রণালিতে বিএসসির জাহাজ আটকার বিষয়ে কূটনৈতিক চেষ্টা চলছে

হরমুজ প্রণালিতে বিএসসির জাহাজ আটকার বিষয়ে কূটনৈতিক চেষ্টা চলছে

হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল মজুত থাকলেও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে, যার প্রমাণ হিসেবে বিপুল পরিমাণ মজুতকৃত ডিজেল জব্দ করা হয়েছে। সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, দক্ষ মেরিটাইম জনশক্তি বিশ্ব সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুসংহত করবে। নবীন ক্যাডেটদের পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। নব্বইয়ের দশক থেকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট যে দক্ষ জনবল তৈরি করছে, তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে এবং ভবিষ্যতে এই খাতের আরও আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।

এসএফ