ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র থেকে ও অন্যান্য দল থেকে আরও ৫ জন সদস্য থাকবে এবং বিরোধীদল থেকে ৫ জন সদস্য নেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল থেকে ৫ জন রাখা হয়েছে। বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল যদি এই পাঁচজনের নাম দেয়, তাহলে মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল নাম দিলে পরেরদিনই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে।

জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, এ বিষয়টা নিয়ে মাননীয় চিফ হুইপ আমার সাথে কথা বলেছেন এবং উনি যথারীতি সংসদ নেতার সালাম নিয়েই কথা বলেছেন। তো আমি উনাকে বলেছি যে এই বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে। কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে না। এমনকি এই সেশনে আমরা মত দিতে পারবো না। কারণ আমরা চেয়েছি সংস্কার, আর এখানে সংশোধনীর কথা বলা হচ্ছে। এই জায়গাটায় আগেও আমাদের ভিন্নমত ছিল, এখনো আছে। তাই এ ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত জানাবো।

এ সময় বৃহস্পতিবার ৩০ এপ্রিলের মধ্য বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। বিরোধী দল দ্রুত তালিকা দিলে কমিটি গঠনের প্রক্রিয়া আগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

—এজেড