আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতের দুটি অপরিশোধিত তেলবাহী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে ইরানি গানবোট। শনিবার (১৮ এপ্রিল) ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’ নামের জাহাজ দুটি এই হামলার মুখে পড়ে বলে ভারতের সরকারি সূত্র ও সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে। হামলায় কেউ হতাহত বা জাহাজের কোনো বড় ক্ষতি না হলেও তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন পরিস্থিতির কারণে জাহাজ দুটিকে যাত্রা বাতিল করে ফিরে যেতে হয়েছে। এছাড়া এদিন ‘ভাগ্য লক্ষ্মী’ নামক অপর একটি জাহাজের নাবিকরাও ইরানি নৌবাহিনীর সাথে তাঁদের কথোপকথনের তথ্য প্রকাশ করেছেন।
এই ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। একইসঙ্গে ভারতের উদ্দেশ্যে আসা সকল বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি কড়া আহ্বান জানিয়েছে দিল্লি।
এদিকে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় বন্ধ ঘোষণা করেছে ইরান। আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ইরান অভিমুখী বা ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন হরমুজ প্রণালি কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে ‘জলদস্যুতা ও সামুদ্রিক চুরি’ চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রণালির নিয়ন্ত্রণ আবারও আগের কঠোর অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই খবর নিশ্চিত করেছে।
এসএফ