পরমাণু ইস্যুতে অচলাবস্থা নিরসনে আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ইরানি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আলোচনার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ওই বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এখনো বড় দূরত্ব রয়ে গেছে। এদিকে ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়ে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে কোনো সমঝোতা না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ ও বিমান হামলা শুরু হতে পারে।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিয়েছে। এই পদক্ষেপের জন্য ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানালেও স্পষ্ট করেছেন যে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর ও জাহাজের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে। তবে গত শুক্রবার ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে, দুই পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে।
এসএফ