ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

 লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সংস্থাটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্ধারকাজের ছবি প্রকাশ করেছে, যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।

উদ্ধারকৃত ১৭ জনের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহটি ত্রিপোলিতে থাকা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ত্রিপোলি-ভিত্তিক কর্মকর্তারা জানান, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি অথবা মরুভূমিতে পানি ও খাদ্যের সংকটে অনেকের মৃত্যু হয়। তবে জুওয়ারা উপকূলে এই মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতদের সঠিক মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এই বিপজ্জনক পথে প্রতিবছর অসংখ্য অভিবাসী প্রাণ হারান, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

এসএফ