ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

যুক্তরাষ্ট্রে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। নিখোঁজ ও মৃত এসব বিজ্ঞানীদের অনেকেরই পারমাণবিক শক্তি এবং মহাকাশ গবেষণার মতো অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্যে প্রবেশাধিকার ছিল। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান যে, যদিও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে এখনো বিস্তারিত আলাপ হয়নি, তবে ঘটনার এই ধারাবাহিকতা অত্যন্ত গুরুতর হওয়ায় প্রশাসন একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা প্রয়োজন বলে মনে করছে।

নিখোঁজদের তালিকায় রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। এ ছাড়া কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের সরকারি ঠিকাদার স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে এবং লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ মে মাসে নিখোঁজ হন।

সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ‘নিল’ ম্যাককাসল্যান্ড। পাশাপাশি নাসার বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল ডেভিড হিকসের রহস্যজনক মৃত্যু উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যাদের মৃত্যুর কারণ এখনো গোপন রাখা হয়েছে। এমন এক সময়ে এই ঘটনাগুলো ঘটছে যখন হোয়াইট হাউস নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ চুল্লি তৈরির কাজ দ্রুত করার তাগিদ দিচ্ছে। এই রহস্য উদ্ঘাটনে কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এসএফ