ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

গাধার মাংস খেলেই জাতি সুস্থ থাকবে, আর্জেন্টিনার সিনেটরের মন্তব্যে তোলপাড়

 গাধার মাংস খেলেই জাতি সুস্থ থাকবে, আর্জেন্টিনার সিনেটরের মন্তব্যে তোলপাড়

আর্জেন্টিনার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ক্ষমতাসীন লিবার্টারিয়ান জোটের সিনেটর ভিলমা বেদিয়ার একটি বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। সিনেটে এক বিতর্ক চলাকালীন তিনি দাবি করেন, দেশের প্রতিটি মানুষ যদি গাধার মাংস খাওয়া শুরু করে, তবে একটি স্বাস্থ্যকর জাতি গঠন করা সম্ভব হবে। তাঁর মতে, গাধার মাংস আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর একটি চমৎকার খাবার এবং এটি নিয়মিত খেলে জনসংখ্যা আরও সুস্থ ও সবল হতো। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি ইউরোপের উদাহরণ টেনে বলেন, ইউরোপীয়দের কাছে এটি অত্যন্ত দামি ও রুচিশীল খাবার হলেও আর্জেন্টিনায় এর সঠিক মূল্যায়ন হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, সিনেটর বেদিয়ার এই মন্তব্য আর্জেন্টিনার বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটকে আড়াল করার একটি চেষ্টা মাত্র। দেশটিতে বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এবং মাথাপিছু গরুর মাংস খাওয়ার হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতির মধ্যে সস্তা বিকল্প হিসেবে গাধার মাংসের গুণগান গাওয়ায় নেটিজেনরা একে ‘দারিদ্র্যের উপহাস’ হিসেবে দেখছেন। বিশ্বের অন্যতম সেরা গরুর মাংস উৎপাদনকারী দেশে খোদ জনপ্রতিনিধির কাছ থেকে এমন পরামর্শ আসায় দেশটির সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। (সূত্র: ডায়েরিওরেজিস্ট্রাডো)

এসএফ