ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

পীর শামীম হত্যা: ভিডিও ফুটেজ দেখে দশম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

 পীর শামীম হত্যা: ভিডিও ফুটেজ দেখে দশম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলমগীর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শেখ মো. আলী মর্তুজা জানান, হামলার সময়ের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তবে আলমগীরের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তার খালা রোজিনা খাতুন দাবি করেছেন, হামলার সময় আলমগীর সেখানে ছিল না; বরং আগুন নেভানোর সময় সে কৌতূহলী হয়ে বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি পরিবারের।

উল্লেখ্য, পবিত্র কোরআন অবমাননার একটি পুরনো ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার জের ধরে গত ১১ এপ্রিল শামীমের দরবারে হামলা চালায় একদল লোক। পুলিশের উপস্থিতিতেই শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন, যাতে উপজেলা জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৮০-২০০ জনকে আসামি করা হয়। এর আগে ভিডিও ফুটেজ দেখে বিপ্লব ও আলিফ ইসলাম নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।

এসএফ