ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বজ্রাঘাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে বেঁচে গেল ৩ বছরের শিশু

বজ্রাঘাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে বেঁচে গেল ৩ বছরের শিশু

রাজবাড়ী সদর উপজেলায় মেয়েকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কাজ করতেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে সুমন তাঁর সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে সুমনের ওপর সরাসরি আঘাত হানে। এতে তাঁর কোল থেকে শিশু সাফিয়া ছিটকে পড়ে যায় এবং সুমন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সুমনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।