ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস: বৃষ্টি চলবে আরো ৫ দিন

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস: বৃষ্টি চলবে আরো ৫ দিন

দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় এই ঝড় ও বজ্রসহ বৃষ্টি আরো ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় রংপুর, দিনাজপুর, ঢাকা ও সিলেটসহ ১৭টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।

আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানান, পশ্চিমা লঘুচাপের কারণে এই আগাম মৌসুমী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরও সতর্ক করেছেন যে, এ সময়ের বৃষ্টিতে বজ্রপাতের তীব্রতা বেশি থাকে, তাই সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলাসহ বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে।

এসএফ