ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মদিনায় মো. আব্দুল হাই বুলু (৬১) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফজরের নামাজের পর মসজিদে নববীতে জানাজা শেষে তাঁকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রী ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে সৌদি আরব যান আব্দুল হাই বুলু। মদিনায় অবস্থানকালে সোমবার (২৭ এপ্রিল) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতের ছোট ভাই জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো হজযাত্রী সেখানে মারা গেলে মরদেহ নিজ দেশে পাঠানো হয় না; বরং স্থানীয় কবরস্থানেই দাফন করা হয়। হজের এই পবিত্র সফরে প্রিয়জনের এমন আকস্মিক বিদায়ে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পবিত্র জান্নাতুল বাকিতে তাঁর দাফন সম্পন্ন হওয়ায় স্বজনরা কিছুটা সান্ত্বনা খুঁজে পাচ্ছেন।

এসএফ