নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ কি ধারণা পোষণ করে এটি খুঁজে দেখবেন। মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে সেটি দেখবেন। আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন শুধু সার্থক না, পরকালেও আল্লাহ পুরস্কার রেখেছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাবের শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের শের-ই-বাংলা মেডিকেল কলেজ। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের আচরণ, ব্যক্তিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। যাতে প্রধানমন্ত্রীর স্বপ্ন চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন সংখ্যাটা খুব বেশি নয়, এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে লড়াই সেটা পার করা যাবে না। আপনাদের আচরণ ব্যক্তিত্ব, সততা ও চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা সেই দৃষ্টি দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন, অনুপ্রাণিত করবেন ও এক জায়গায় নিয়ে আসবেন। বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এখানে ডাক্তার সাহেবরা যেতে চান না। আপনারা দয়া করে ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ আমাদের এই অঞ্চলে যাতে করে ডাক্তাররা থাকেন ও তারা সঠিকভাবে অবস্থান করেন সে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করবেন।